জাপান গার্ডেন সিটিতে চার দিন বিদ্যুৎহীনতা, দুর্ভোগে হাজারো বাসিন্দা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে টানা চার দিন বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে। অনেকের ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে, কেউ কেউ বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, আবাসনটির ২৬টি ভবনের মধ্যে ১৯টিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এখনো সাতটি ভবনে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবনগুলোর অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংযোগে কারিগরি ত্রুটি থাকায় সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মানহীন খাদ্যপণ্য: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ডিএসসিসির

বাসিন্দা তৌহিদুর রহমান জানান, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁর পরিবারের দুটি শিশু অসুস্থ হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত প্রায় ২৬ কেজি মাংস নষ্ট হয়ে গেছে। জেনারেটরের মাধ্যমে সীমিত সুবিধা দেওয়া হলেও সেটিও নিয়মিত চালু রাখা সম্ভব হচ্ছে না। এতে লিফট বন্ধ থাকায় বাসিন্দাদের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আরেক বাসিন্দা মাসুম খন্দকার বলেন, বিদ্যুৎ না থাকায় ফ্রিজের অনেক খাদ্যপণ্য নষ্ট হয়ে গেছে। কিছু প্রয়োজনীয় জিনিস আত্মীয়দের বাসায় সরিয়ে নিতে হয়েছে। দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি অত্যন্ত কষ্টকর বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, মানিকনগরের ৮৮০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে শুধু আলো নয়, পানি সরবরাহও ব্যাহত হয়েছে। ফলে রান্না, গোসল, টয়লেট ব্যবহারসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত অধিকাংশ ভবনে বিদ্যুৎ ফিরলেও সাতটি ভবনে এখনো সংযোগ স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী বলেন, জাপান গার্ডেন সিটি ৩৩ কেভি পর্যায়ের একটি গ্রাহক। প্রথমে তাদের অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ নিজেরা সমস্যার সমাধান করতে ব্যর্থ হলে বাসিন্দাদের অনুরোধে ডিপিডিসি কারিগরি সহায়তা দেয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপকেন্দ্রের ত্রুটি মেরামত করে অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়। তবে কয়েকটি ভবনের নিজস্ব সংযোগে ত্রুটি থাকায় সেখানে এখনো বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি।

জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, একাধিক কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ পুনঃসংযোগে সময় বেশি লেগেছে। বিদ্যুৎ চালু হওয়ার পর কয়েকটি ভবনে নতুন করে অভ্যন্তরীণ সমস্যা শনাক্ত হয়েছে। এসব ত্রুটি দ্রুত সমাধানে কাজ চলছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে একটি বিশেষ কারিগরি টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎহীন সাতটি ভবনের বাসিন্দারা দ্রুত সমস্যা সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের দীর্ঘস্থায়ী ভোগান্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।