আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন, নৈতিক ব্যাংকিংয়ের আহ্বান
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫৩ জন সিনিয়র অফিসারকে নিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের নৈতিকতা, পেশাদারিত্ব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলায় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রতিবাদ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ব্যাংকের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, মূল্যবোধ, সেবাদর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আরও পড়ুন: পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত, পর্যায়ক্রমে বরখাস্ত হবে আরও অনেকে
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের প্রায় ৬১ লাখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি বলেন, ব্যাংকের মিশন, ভিশন ও মৌলিক মূল্যবোধের সঙ্গে বাহিনীর আদর্শ ও উদ্দেশ্যের সমন্বয় ঘটিয়ে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষতা এবং জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় প্রচলিত জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকসেবামুখী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আত্মউন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন।
চেয়ারম্যান জানান, বাংলাদেশ আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন প্রকল্প’ বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং টেকসই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ প্রকল্প বাস্তবায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একজন ব্যাংকারের সবচেয়ে বড় সম্পদ হলো সততা, নৈতিকতা, কর্মনিষ্ঠা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। তাই প্রত্যেক কর্মকর্তাকে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইন, বিধি-বিধান ও নৈতিক মানদণ্ড অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দলগত কর্মস্পৃহা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনিযুক্ত কর্মকর্তারা সততা, নিষ্ঠা, দক্ষতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি তাদের অর্জিত জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে ব্যাংকের উন্নয়ন, গ্রাহকসেবার উৎকর্ষ এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির কমান্ড্যান্ট, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপকসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





