বিভিন্ন স্লোগান দিয়ে সায়েন্সল্যাবের সড়ক অবরোধ, তীব্র যানজট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল পরীক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পরীক্ষার্থীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যেরও তারা প্রতিবাদ জানান।

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের

এদিকে একই দিন রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব ছাড়া অন্য কোনো স্থানে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রী হলে জলাবদ্ধতা নিরসন, শিক্ষার্থীদের জীবনযাত্রা স্বাভাবিক