রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরও পড়ুন: কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, গ্রেফতার অভিযুক্ত

জানা গেছে, উত্তর সিটির অঞ্চল-৮-এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফার্মগেট-মিরপুর মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। এ সময় হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে ডিএনসিসি।

এদিকে, পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, “দুই-একটি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

পরে আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে যান ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, “এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”