সবুজবাগে অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীর সবুজবাগ এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। তবে শরীরের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার
তিনি জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর এবং তাকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ জন্য বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।





