বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা; গ্রেফতার ২

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল (৩২) ও মোঃ রাতুল ইসলাম (২১)।

বুধবার (৩০ অক্টোবর) ভোর পাঁচ ঘটিকায় রামপুরা এলাকা থেকে দুইজনকেই গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে আজ বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। 

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৯:৫০ ঘটিকায় রামপুরা ব্রীজের উপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে ভিকটিম মোঃ হাসান হাওলাদার (১৯) এর সাথে কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে গ্রেফতারকৃত মোঃ সোহেল ও রাতুলসহ এজাহারনামীয় অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাঁপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। ভিকটিম হাসানকে বাঁচাতে তার বন্ধু মোঃ নূরে আলম এগিয়ে আসলে তিনিও হামলাকারীদের দ্বারা গুরুতর আঘাতের শিকার হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নূরে আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এই মামলায় বাড্ডা থানার একটি টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে মামলার এজাহারনামীয় মোঃ সোহেল ও মোঃ রাতুল ইসলামকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)