বসুন্ধরায় প্রাইভেট কারও ভাঙচুর, আইনজীবী পিটিয়ে হত্যা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নাঈম কিবরিয়া (৩৫) নামের একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ তথ্য বৃহস্পতিবার ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি পাবনা সদর উপজেলায়। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, নাঈম মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তিনি জানান, নাঈম যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটিও সন্ত্রাসীরা ভাঙচুর করেছে।
এসআই আরিফুল ইসলাম জানান, গতকাল রাত ১০টার দিকে নাঈম বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন। একপর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতপরিচয় যুবকেরা নাঈমকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেদম মারধর করে রাস্তায় ফেলে চলে যান। খবর পেয়ে খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১
মরদেহ রাতেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রফিকুল জানান, নাঈম ১০ দিন আগে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন এবং পাবনা জেলায় তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার কারণে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন।
বর্তমানে পুলিশ নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের সাথে কথা বলছে, এবং ঘটনা তদন্ত চলছে।
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার





