ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে পলাতক থাকা ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলার আসামিদের মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ এবং ওয়াজিবুল আলম বর্তমানে জামিনে রয়েছেন। অন্যদিকে জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ ও সুমন মিয়া কারাগারে আছেন। বাকি ২২ জন আসামি এখনো পলাতক রয়েছেন বলে আদালতকে জানিয়েছে প্রসিকিউশন।

আরও পড়ুন: আশকোনা হজ ক্যাম্পের চুরি হওয়া সৌদি রিয়ালসহ ২ জন গ্রেফতার

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, মামলার বাদী মোহাম্মদ আমানুল্লাহ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আদালতে কোনো নারাজি আবেদন জমা দেননি।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে আটক করে কয়েকজন শিক্ষার্থী। পরে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারের কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। তোফাজ্জলের চাচা আব্দুর রব মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে ক্রিকেট স্টাম্প ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পিচ্চি হেলাল মাস্টারমাইন্ড, শ্যুটার কিলার বাদল ভাঙ্গারি রনি গোয়েন্দা জালে

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে তদন্ত শেষে পিবিআই ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে হলের সাবেক প্রভোস্টসহ ১৪ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হলেও সেটি বর্তমানে স্থগিত রয়েছে।