এশিয়া র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশ সেরা ঢাবি এবং বুয়েট
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী Times Higher Education (THE) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে University of Dhaka। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০১-৩৫০ অবস্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে ঢাবির অবস্থান ছিল ৪০১-৫০০-এর মধ্যে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) প্রকাশিত এ তালিকায় এশিয়ার ৩৬টি দেশের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শীর্ষ অবস্থান অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ছাত্রদল-শিবিরকে শান্ত থাকার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
র্যাঙ্কিংয়ের সূচকগুলোতেও উন্নতি করেছে বিশ্ববিদ্যালয়টি। ঢাবির সার্বিক স্কোর গত বছরের ৩১.৫-৩৪.৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৩-৪০.১-এ। গবেষণার পরিবেশ সূচক ১২.০ থেকে বেড়ে ১৫.৭, গবেষণার মান সূচক ৫৮.৮ থেকে ৭৪.৩ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচক ২১.৪ থেকে বেড়ে ৩৩.২-এ উন্নীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষার মানোন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের ফলেই এ অগ্রগতি এসেছে।
আরও পড়ুন: ‘গুপ্ত’ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গনের রাজনীতি
র্যাঙ্কিংয়ে এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে উপাচার্য A B M Obaidul Islam বলেন, “টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ উন্নতি সম্মিলিত প্রচেষ্টা ও গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমের স্বীকৃতি।”
তিনি আরও বলেন, গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগে উন্নতি ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। এই ধারা অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন উপাচার্য।





