ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার শঙ্কা
দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে Bangladesh Weather Observation Team। সংস্থাটির মতে, এ বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় এবং প্রায় পূর্ণাঙ্গ আকার ধারণ করেছে। এর প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক
সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, সিলেট বিভাগে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি মাত্রার এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম সক্রিয়তা থাকতে পারে।
প্রকাশিত তথ্যানুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টি বলয়ের প্রভাব বিস্তার করবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালে সর্বোচ্চ সক্রিয়তা লক্ষ্য করা যেতে পারে। এর আগে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
এ পরিস্থিতিতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
এছাড়া উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ঢলের সৃষ্টি হতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওর অঞ্চলে পানির স্তর দ্রুত বাড়তে পারে।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে।





