সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান।

তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, আসনটি শূন্য হওয়ার পর সব দল ও জোটের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একইদিন মনিরা শারমিনের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

উল্লেখ্য, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর চাকরি ছাড়েন। পরে ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়। আপিল নিষ্পত্তির পর আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।