১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ এক দশক পর বহুল আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।

আরও পড়ুন: ইতালির ভিসা জালিয়াতি: প্রকৃত পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে পাঠানো, ৫৬ পাসপোর্টসহ গ্রেপ্তার ৭

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে উপস্থাপন করা হয়।

এর আগে চলতি মাসের ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিনজন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চান। তারা হলেন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আরও পড়ুন: সেই শাহেদ আবারো প্রতারণা মামলায় গ্রেপ্তার

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ১০ বছরে চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

শুনানির সময় নিহত তনুর বাবা-মা এবং তার ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ছিলেন। ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলতে থাকে।