স্বর্ণের দাম কমেছে, সপ্তাহের সর্বনিম্নে আন্তর্জাতিক বাজার
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে এ পতন ঘটেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।
আরও পড়ুন: ২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯% হতে পারে: বিশ্বব্যাংক
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা কমে গেছে। এর ফলে ডলার ও তেলের দাম বেড়েছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।
তিনি আরও জানান, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে পারে—এই প্রত্যাশাও স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ৪.৭৫% ও কার্গো হ্যান্ডলিংয়ে ৭.৩৯% প্রবৃদ্ধি
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে বলে জানা গেছে।
অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলার। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম উচ্চ অবস্থানে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।





