সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলাও রয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। একই মামলায় টিপু মুনশি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

রাজনৈতিক জীবনে ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চারবার এই পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে গত ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর থেকে তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল।