মাথাপিছু আয়ে নতুন রেকর্ড বাংলাদেশের
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ইতিহাসে প্রথমবারের মতো ৩ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে।
বুধবার (১০ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা। আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু আয় ৩৪ হাজার ৩৬২ টাকা বেশি।
আরও পড়ুন: ঢাকার কাঁচাবাজারগুলোতে পণ্যের দামে খুব একটা হেরফের নেই
২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডলারের হিসাবে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার।
বিবিএসের তথ্যে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে
এছাড়া, বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে প্রায় ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। আগের অর্থবছরে অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।





