চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড

Sadek Ali
আবদুল মোনাফ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৪:৩৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের ২৯ জুন পর্যন্ত দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ একক)। ওই অর্থবছরে কনটেইনার,কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ছে। এবার কনটেইনার জাহাজের গড় অবস্থান সময় কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৮ দিন। আগের অর্থবছরে যা ছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ’স।অর্থবছরের শেষ দিনের হিসাব বাদ দিয়েই এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউ’স হ্যান্ডলিং করেছিল এ বন্দর।

রেকর্ড অর্জনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, চট্টগ্রাম বন্দর কার্গো, কনটেইনার ও ভ্যাসেল হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড। তিনি বলেন, সরকার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা, অটোমেশন, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন, বন্দর ব্যবহারকারী, বন্দরের শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ সহজ হবে ডিজিটাল লেনদেন

বন্দরসূত্রে জানা গেছে, দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কনটেইনার পরিবহনের ক্ষেত্রে এ হার প্রায় ৯৮ শতাংশ। রোদ, বৃষ্টি, সমুদ্রের ঢেউ থেকে পণ্যকে নিরাপদে পরিবহন এবং আধুনিক কি গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে দ্রুত লোড আনলোড এবং প্রাইম মুভার বা লরির সাহায্যে কারখানা পর্যন্ত পৌঁছাতে মেরিটাইম ওয়ার্ল্ডে কনটেইনার সবচেয়ে জনপ্রিয়। এর পাশাপাশি শিল্পকারখানার খোলা কাঁচামাল বেশি পরিমাণে পরিবহনে কার্গো জাহাজের কদর বেশি। চট্টগ্রাম বন্দরে কার্গো ও কনটেইনার দুই ধরনের জাহাজেই পণ্য পরিবহন হয়ে থাকে। পাশাপাশি জ্বালানি তেল, এলএনজি, এলপিজি ট্যাংকার তো নিয়মিতই আসছে।  

২৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে খোলা পণ্য (বাল্ক কার্গো) পরিবহন হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ১৯১ টন। আগের  অর্থবছরে ছিল ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ টন। প্রবৃদ্ধি ৫ দশমিক ৩৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে কার্গো পরিবহন ছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ টন।

আরও পড়ুন: বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম

২০২৫-২৬ অর্থবছরের ২৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দর ৪ হাজার ৩২৪টি জাহাজ হ্যান্ডলিং করেছে, যা আগের বছরের ৪ হাজার ৭৭টির তুলনায় ৬ দশমিক ০৬ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে জাহাজ হ্যান্ডলিং হয়েছিল ৩ হাজার ৯৭১টি।