সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই, নিরাপদ ও আস্থাভিত্তিক করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকার, তথ্যপ্রযুক্তি খাত, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)।
আরও পড়ুন: ১৯৭১ ও মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের দৈনন্দিন জীবন, আর্থিক ব্যবস্থা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম ক্রমেই ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট এখন জাতীয় অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি সতর্ক করে বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা কমে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই জাতীয় পর্যায়ে একটি কার্যকর সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং দায়িত্বশীল ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
ইয়াসের খান চৌধুরী বলেন, সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয় নয়; এটি জনগণের সচেতনতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। নাগরিকদের সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও গুজব সম্পর্কে সচেতন করতে না পারলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না।
তিনি আশা প্রকাশ করে বলেন, ফিনিক্স সামিট ২০২৬ জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের দূরদর্শী উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিওত্র কিজেউস্কি।
এ সময় আয়োজক প্রতিষ্ঠান দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামীম রেজা এবং কৌশল ও রূপান্তর উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।
সম্মেলনে দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।





