১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৪:২৫ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১ জুলাই ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

সভায় জানানো হয়, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে।

গৃহীত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণের পায়রা চত্বরে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো

সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিভিন্ন আবাসিক হলের পতাকা উত্তোলন করা হবে। এ সময় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে। পরে সকাল ১০টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে একটি বিশেষ স্মরণিকাও প্রকাশ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে তোরণ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।