রাশিয়ার পর এই প্রথম রূপপুর যুক্ত হল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অত্যাধুনিক ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) সফলভাবে স্থাপন করা হয়েছে। রাশিয়ার বাইরে প্রথমবারের মতো অন্য কোনো দেশে এই উন্নত ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়ন করল দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।

বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর কমিশনিং বা পরীক্ষামূলক চালুর কার্যক্রম চলছে। এ ইউনিটের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল (আই অ্যান্ড সি) সিস্টেমে রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) এই ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ প্রযুক্তি সংযোজন করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২৬ মে) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

রোসাটমের তথ্যমতে, ওআইএসএস সিস্টেমটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটরদের জন্য একটি বুদ্ধিমান সহকারী হিসেবে কাজ করবে। এটি রিয়েল-টাইমে হাজারো অপারেশনাল প্যারামিটার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। ফলে তথ্য বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন আরও সহজ হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

আরও পড়ুন: অভিযোগের মধ্যেই পদোন্নতির প্রস্তাব, প্রশ্নের মুখে গণপূর্তের এক কর্মকর্তা

রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমসের (আরএএসইউ) সিইও আন্দ্রেই বুটকো বলেন, এই সিস্টেমটি বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের রিয়েল-টাইমে পাওয়ার ইউনিটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণে সহায়তা করবে। পাশাপাশি অপারেটরদের সিদ্ধান্ত গ্রহণ সহজ করে পরিচালন দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের জন্য রূপপুর প্রকল্প একটি ঐতিহাসিক উদ্যোগ। আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির পাশাপাশি ওআইএসএসের মতো উন্নত ডিজিটাল প্রযুক্তি যুক্ত হওয়ায় প্ল্যান্ট পরিচালনায় দক্ষতা ও নিরাপত্তা আরও বাড়বে।

তিনি জানান, এই প্রযুক্তি প্ল্যান্ট অপারেটরদের জন্য নির্ভরযোগ্য সহায়ক সরঞ্জাম হিসেবে কাজ করবে এবং শক্তিশালী পরিচালন সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপত্তার স্বার্থে এই ডিজিটাল সিস্টেমটি শুধুমাত্র অনুমোদিত ও নির্ধারিত কর্মীদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওআইএসএস প্রযুক্তি প্রথমে রাশিয়ার নোভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। পরে কুর্স্ক এনপিপি-২ এ সফলভাবে চালু করা হয়। আর রাশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেল।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার আধুনিক ‘ভিভিইআর-১২০০’ (VVER-1200) প্রযুক্তির দুটি রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডসম্মত এই প্রযুক্তি ইতোমধ্যে রাশিয়া ও বেলারুশে সফলভাবে পরিচালিত হচ্ছে।