'বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব': হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নাজিমুর রহমান
চট্টগ্রাম নগরীর হালিশহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আজ মঙ্গলবার (২ জুন) সকালে তিনি নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হালিশহর আই ব্লক ৪নং লেইনের পেশকার বাড়ি এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি আগুনে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?
স্থানীয় সূত্রে জানা গেছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি কাঁচাপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে বহু পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই ও সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে।
আজ সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছে নাজিমুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে 'আই ব্লক সমাজকল্যাণ পরিষদ' ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে তাঁর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসামগ্রী ও বস্ত্র সহায়তার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: রাজশাহীর আমের তুলনা নেই: মার্কিন রাষ্ট্রদূত
ঘটনাস্থল পরিদর্শনকালে নাজিমুর রহমান বলেন, “যেকোনো দুর্যোগ ও সংকটের সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব। তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানসমূহকে এই অসহায় মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসা উচিত।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জাকির হোসেন, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আলমগীর, হালিশহর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহীন, আই ব্লক সমাজকল্যাণ পরিষদের সভাপতি রেহানউদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হায়দার আলী খান এবং হালিশহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু।
এদিকে, ভয়াবহ এই বিপদের দিনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মহানগর বিএনপি নেতা নাজিমুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





