পুলিশের অতিরিক্ত আইজিপি পদোন্নতি পাচ্ছেন ১০ কর্মকর্তা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৮:৫১ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১০ জনকে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে  গ্রেড-১ পদে দুইজন ও গ্রেড-২ পদে আট কর্মকর্তা পদোন্নতি পাবেন অতিরিক্ত আইজিপি হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত আইজিপি  পদোন্নতির জন্য ৬০ জনের একটি তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপ্রিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রসন মন্ত্রণালয়  সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির জন্য এসব কর্মকর্তার নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গ্রেড-১ পদে দুইজনকে পদোন্নতি দেওয়া হবে। সেখানে ১০ জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে। আর গ্রেড-২ পদের জন্য ৮ জনকে পদোন্নতি দেওয়া হবে। সেখানে ৫০ জনের নামের তালিকা পাঠানো হয়েছে। এসএসবি বোর্ডের সিদ্ধান্তে এসব কর্মকর্তার পদোন্নতি দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সারসংক্ষেপ নথি মন্ত্রিপরিষদ সচিবের নিকট উপস্থাপন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো কর্মকর্তাদের তালিকা যাচাই-বাছাই শূন্য পদ পদোন্নতির জন্য নির্ধারণ ও কর্মকর্তাদের বিভাগীয় গোপনীয় রিপোর্ট, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। এরপরই এসএসবির বৈঠক ডাকা হবে। এদিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির ব্যবস্থা নেওয়ার জন্য ১৫-১৭ ব্যাচের কয়েকজন কর্মকর্তা সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের এক নং ভবনে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সাথে দেখা করেছেন। তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করে দ্রুত বৈঠক ডেকে পদোন্নতির দাবি জানিয়েছেন। মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে অতিরিক্ত আইজিপি পদোন্নতির জন্য ১৭ ও ১৫ ব্যাচের যোগ্য কর্মকর্তাদের সকলের নাম পাঠানো হয়েছে। পদ কম থাকায় পদোন্নতি লাভের জন্য দুই ব্যাচের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৭-১৮ ব্যাচের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারে সচিব পদে পদোন্নতি পেলেও পুলিশের ১৭ ব্যাচের  কর্মকর্তারা এখনো তৃতীয় গ্রেডে ডিআইজি পদে কর্মরত। তাদের অনেকেই এই পদে থেকে চাকুরি শেষে অবসরে যাচ্ছেন। পুলিশে এমনিতেই বাধ্যতামূলক অবসর,  সংযুক্ত ওএসডি মামলায় ভারাক্রান্ত ও চাকরিরতরাও পদোন্নতি বঞ্চনায় হতাশায় ভুগছেন। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির উদ্যোগে পরবর্তীতে ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতির সুযোগ তৈরি হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গ্রেড-১-এ দুইটি এবং গ্রেড-২-তে ২০ পদ রয়েছে। আরও জানা গেছে, কর্মকর্তাদের নামের তালিকা অতি গোপনীয়তার সঙ্গে পাঠানো হয়েছে। এসএসবি বোর্ডের সভাপতি হলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকার মনোনীত দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আরও পড়ুন: পাওনা টাকা ও ব্যক্তিগত দ্বন্দ্বে তরুণীকে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি: পিবিআই