অক্টোবরেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, অক্টোবরের মধ্যভাগেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জানান, ফল প্রকাশের তারিখ এখনো নির্ধারিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত তারিখ জানানো হবে। বর্তমানে খাতা মূল্যায়নের কাজ শেষ করাতেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি
তিনি আরও জানান, তিনবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে খাতা মূল্যায়নে কিছুটা দেরি হয়েছে। তবুও অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবারে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল সবচেয়ে বেশি— ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। তবে ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তারা প্রথম রুটিন অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছেন এবং ১৩ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছেন।





