‘আমার প্রত্যাশা জুলাই গণহত্যা ও গুম-খুনের বিচার অব্যাহত থাকবে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা ও গুম-খুনের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচার নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। নতুন সরকার ক্ষমতায় এলে তাদের পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া।
আরও পড়ুন: জনস্বার্থে প্রাণী অধিকার রক্ষায় লিগ্যাল নোটিশ দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার
তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ সাক্ষী—স্বচ্ছ প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালিত হয়েছে। “আমরা এমন সব অকাট্য প্রমাণ আদালতে হাজির করেছি, যা শুধু এই ট্রাইব্যুনাল নয়, পৃথিবীর যেকোনো আদালতে গ্রহণযোগ্য হবে,”—বলেন তিনি।
এসময় তিনি নবনিযুক্ত চিফ প্রসিকিউটরকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
এর আগে সরকার আমিনুল ইসলাম-কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।





