ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত চালুতে জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী আমিন

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশের মানুষ ইতোমধ্যে উদ্বেগের মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে সরকার চায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন না বাড়ে। সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সংক্রান্ত বৈঠকগুলোতে সরবরাহ পরিস্থিতি, আমদানি এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তবে বর্তমান বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: ১৭ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ৯ এপ্রিল থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তারা এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।

তবে প্রস্তাবটি যাচাই-বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম না বাড়ানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এদিকে, রোববার অনুষ্ঠিত দুই দফা বৈঠকে তেল সরবরাহকারীদের জন্য বিকল্পভাবে মুনাফা সমন্বয়ের কিছু সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।