মানিকনগর আইডিয়াল বিএম কলেজে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন
রাজধানীর মানিকনগর আইডিয়াল বিএম কলেজে অসহায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের লক্ষ্যে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করা হয়েছে। সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি, বক্তা ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেন্টারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আমির হোসেন তোতা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও উপদেষ্টা মোঃ শাহজালাল। প্রধান অতিথি ছিলেন মানিকনগর আইডিয়াল বিএম কলেজের পরিচালক মোঃ মাইন উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ রাফি উদ্দিন রতন, মোঃ মহিউদ্দিন মোল্লা এবং মাস্টার মিশন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোসাঃ লাভলী বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক এম নাসির উদ্দীন মুন্সী।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
উদ্বোধনী বক্তব্যে আমির হোসেন তোতা বলেন, দেশের সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি বলেন, দারিদ্র্যের কারণে বেকারত্ব, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, নিরক্ষরতা, জনসংখ্যা বৃদ্ধি, অপরাধ প্রবণতা, যৌতুক প্রথা, নারী নির্যাতন এবং পারিবারিক ভাঙনের মতো নানা সমস্যা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, এসব সমস্যা মোকাবিলায় সরকারকে সুনির্দিষ্ট জাতীয় নীতি প্রণয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, কৃষি ও শিল্প উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর জোর দিতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় ও এতিমদের সহায়তা এবং প্রযুক্তি শিক্ষার প্রসারে অবদান রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বিনামূল্যে কম্পিউটার শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখবে।





