শিক্ষক সংকটে নতুন উদ্যোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী শিক্ষক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সচল রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি বিশেষ পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই সাময়িকভাবে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট ও নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য তুলে ধরা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় অনেক প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় উপজেলা ভিত্তিক অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পরামর্শক্রমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদনের ভিত্তিতে এই পুল থেকে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কেআইবির তলবি সাধারণ সভা পণ্ড, সভাপতিত্ব নিয়ে দ্বন্দ্বে হট্টগোল

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকাভুক্ত করে একটি সুসংগঠিত পুল তৈরি করতে হবে। এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে।

এছাড়া এসব শিক্ষকদের সম্মানি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সাময়িকভাবে শিক্ষক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকরা পাঠদানের মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তবে দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত ও দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাও জরুরি।