সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড
রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন। ইতোমধ্যে সেই দণ্ডের মেয়াদ শেষ হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আয়ুর্বেদিক বিভাগের ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং ইউনানী বিভাগের ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। তাদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেল
ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল রাতে। কলেজের মসজিদসংলগ্ন গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে আসে। এরপর কলেজ কর্তৃপক্ষ তাদের কাফরুল থানায় সোপর্দ করে।
পরদিন ২৩ এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্তদের আবাসিক সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসকের সই করা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
আরও পড়ুন: চবিতে বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসর- নিশ্চুপ প্রশাসন
কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের মোবাইল ফোন থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্য শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার অভিযোগও উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক সুবিধা বাতিল করা হলেও অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব বহাল থাকবে।
কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ১৫ দিনের দণ্ড ইতোমধ্যে শেষ হয়েছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে।





