বিভিন্ন অভিযোগে ঢাবির ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।
সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের চীন গমন
সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব।
এছাড়া সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে কর্মরত) মোছাম্মৎ শারমিন জাহান।
আরও পড়ুন: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





