ঢাবি অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্বামী, দুই পুত্র, অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. নাজমুন নাহার ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আরও পড়ুন: ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষার ফল
উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় অধ্যাপক ড. নাজমুন নাহারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ'য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন





