২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষার ফল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে ফল প্রকাশের কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখও এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের বিষয়ে আশাবাদী শিক্ষা বোর্ড। শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে দেশের শিক্ষা বোর্ডগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল।

আরও পড়ুন: ঢাবি অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

তবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকতে হওয়ায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।

প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “ফল প্রকাশে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে ফল প্রকাশ করা সম্ভব হবে।”

আরও পড়ুন: চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করছি পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।”

এর আগে গত ১৫ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। একই অনুষ্ঠানে তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনার কথা জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এদিকে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ হলে তা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।