ঢাবিতে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাত ৯টায় ডাকসু ভবনের সামনে প্রায় ৫০ জন শহীদ ও আহত পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এক শহীদের পিতা মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ‘নির্ভীক জুলাই’ শুধু একটি স্থাপনা নয়, এটি আত্মত্যাগ, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জুলাইয়ের চেতনা ধারণে ডাকসু সবসময় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত এক শহীদের মা বলেন, সন্তানেরা আর ফিরে আসবে না, তবে তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেক শহীদের পিতা বলেন, শহীদদের স্বপ্ন ও আত্মত্যাগ যেন কখনো বিস্মৃত না হয়, সে প্রত্যাশা থেকেই তারা এ উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষে স্কুল ভর্তিতে ফিরতে পারে লটারি পদ্ধতি

এসময় উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহ. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সম্পাদক আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন ও রাইসুল ইসলামসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।