বায়তুল মোকাররমে বিশেষ বয়ান ও জুমার খুতবা দেবেন দেওবন্দের মুহতামিম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) আগামী ৭ আগস্ট (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান প্রদান করবেন। বয়ান শেষে তিনি জুমার খুতবা দেবেন এবং নামাজে ইমামতি করবেন।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে মুফতি আবুল কাসেম নোমানী পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

ইসলামিক ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, তাঁর বয়ান, খুতবা ও ইমামতির মাধ্যমে জাতীয় মসজিদে আগত মুসল্লিরা কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করবেন এবং ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধ হবেন।

আরও পড়ুন: পবিত্র আশুরা আজ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি আবুল কাসেম নোমানী। ইসলামী শিক্ষা, হাদিসচর্চা ও গবেষণায় তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। ইলমি প্রজ্ঞা, হাদিসশাস্ত্রে গভীর জ্ঞান এবং সমসাময়িক বিষয়ে চিন্তাশীল দৃষ্টিভঙ্গির কারণে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশে অবস্থান করছেন। এ সময় বিভিন্ন দ্বীনি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশের আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেশের অন্যতম প্রধান ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। এখানে দেশি-বিদেশি খ্যাতিমান আলেমদের বয়ান ও আলোচনা মুসল্লিদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিষ্ঠানটি আরও আশা প্রকাশ করেছে, মুফতি আবুল কাসেম নোমানীর বয়ান ও খুতবার মাধ্যমে মুসল্লিদের মধ্যে কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের আগ্রহ বৃদ্ধি পাবে এবং ঈমান-আমল, তাকওয়া, আত্মশুদ্ধি, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্বশীলতা আরও সুদৃঢ় হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণকে শুক্রবার যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে তাঁর বয়ান শোনা এবং জুমার নামাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ইমাম-মুয়াজ্জিন ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।