গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’

তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন অব্যাহত রাখবে।