মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে ঢাবি-এএফডির যৌথ গবেষণার আলোচনা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৫ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির (এএফডি) যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির পরিবেশবিষয়ক বিশেষজ্ঞ ড. ফারিদ লামারা। এ সময় একই প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মি. নিউম্যান ম্যাক্স তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হক এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় মৎস্য পক্ষ: ঢাবির কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত

বৈঠকে ‘বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এএফডির সহযোগিতায় প্রস্তাবিত এ প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করবে বলে বৈঠকে আলোচনা করা হয়।

গবেষণার আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে মানবাধিকারের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণের জন্য তথ্য সংগ্রহের একটি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়। এ ধরনের কাঠামো সরকার, নাগরিক সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা ব্যবহার করতে পারবেন বলে বৈঠকে মত দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

এ ছাড়া গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি গবেষণা কমিটি ও একটি বৈজ্ঞানিক কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। দেশের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকৃতি, জলবায়ু পরিবর্তন ও নদীদূষণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফডির মধ্যে ভবিষ্যতে আরও যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গবেষণা প্রকল্পটি গ্রহণের উদ্যোগের জন্য ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির বিশেষজ্ঞকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে এএফডির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।