৫৫ বছরের ইতিহাসে প্রথম, সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত
৫৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফ কেন্দ্রিক সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা সিফাত নুসরাত। ‘বিউটি উইথ ব্রেন’ খ্যাত এই তারকা নিজেই সিরিজটির মূল প্রোটাগোনিস্ট—একজন ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করছেন।
জানা গেছে, সিরিজটির পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের আগেই কিনে নেয় রেড প্রোডাকশনস। ১০ পর্বের প্রথম সিজন হিসেবে এটি নির্মিত হচ্ছে। ভ্যাম্পায়ারের বিপরীতে উলফ চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা। গুরুত্বপূর্ণ মানব চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহি-কে।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় হিরো আলম গ্রেপ্তার
সিফাত নুসরাত জানান, ২০২৫ সাল থেকেই তিনি এই সিরিজটির কাজ শুরু করেন। প্রায় আট মাসের বেশি সময় ধরে শুটিং ও প্রোডাকশনের কাজ চলেছে। প্রথম সিজনের ১০টি এপিসোডের মধ্যে ৭টি সম্পন্ন হয়েছে, বাকি তিনটির কাজ দ্রুত শেষ হবে। ডাবিং শেষ হয়ে পোস্ট-প্রোডাকশন চলছে।
তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে সুপারন্যাচারাল গল্প নিয়ে কাজ করা সত্যিই চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ। আমার লেখা পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই সিরিজে রূপ নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের।”
আরও পড়ুন: গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান: বুবলী
বইমেলায় আসছে ‘দ্য রেড মুন’
এই সিরিজের গল্পভিত্তিক উপন্যাস ‘দ্য রেড মুন’ এবারের বইমেলাতেও প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন সিফাত। তিনি আরও বলেন, কাজের স্বার্থে এতদিন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে হওয়ায় দুঃখ প্রকাশ করছেন।
জেনজি প্রজন্মের একজন লেখক হিসেবে বই প্রকাশের আগেই প্রোডাকশন হাউসের মাধ্যমে সিরিজ নির্মাণ—বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন এক দিগন্ত খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুপারন্যাচারাল ঘরানার এই ভ্যাম্পায়ার–উলফ সিরিজটি প্রিমিয়ার শোর মাধ্যমে শিগগিরই দর্শকদের সামনে আসবে বলে জানা গেছে।





