তামিলনাড়ুতে সরকার গঠনে নাটকীয়তা, আটকে গেল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তামিলনাড়ুতে সরকার গঠনকে কেন্দ্র করে শুক্রবার দিনভর নাটকীয় রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জোট সমর্থনের ঘোষণা, শেষ মুহূর্তে অবস্থান বদল এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তার কারণে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ আপাতত স্থগিত হয়ে গেছে।

নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে কংগ্রেসের পাঁচজন এবং বাম দল সিপিআই ও সিপিএমের চারজন বিধায়কের সমর্থন পাওয়ায় জোটের সংখ্যা ১১৭–এ পৌঁছায়।

আরও পড়ুন: প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, বন্ধ শুটিং

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক সংখ্যা’ নিশ্চিত করতে গিয়ে জটিলতায় পড়ে বিজয়ের জোট। সূত্র বলছে, ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) শেষ মুহূর্তে জোট থেকে সরে দাঁড়ায়। পাশাপাশি আঞ্চলিক দল ভিসিকে-র অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার জানিয়েছেন, টিভিকে এখনো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি। এ কারণে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণও দেওয়া হয়নি। ফলে শনিবারের নির্ধারিত শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়।

আরও পড়ুন: টক্সিক’ নিয়ে নতুন বিতর্ক: ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে দিলেন কিয়ারা

এদিকে বিজয় নিজে দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয় পেয়েছেন। ভারতের নির্বাচনী আইন অনুযায়ী ফল ঘোষণার ১৪ দিনের মধ্যে একটি আসন ছাড়তে হবে তাকে। ফলে জোটের হিসাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বর্তমানে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন নিয়ে বিজয়ের জোটের ঝুলিতে রয়েছে ১১৭ জন বিধায়ক। রাজনৈতিক মহলের ধারণা, ভিসিকে-র দুই বিধায়ক সমর্থন দিলে সেই সংখ্যা ১১৮–এ পৌঁছাবে এবং সরকার গঠনের পথ খুলে যেতে পারে।

কংগ্রেস জানিয়েছে, তারা শর্তসাপেক্ষে সমর্থন দিতে রাজি ছিল এবং মন্ত্রিত্ব ভাগাভাগির বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে বাম দলগুলো জানিয়েছে, তারা বাইরে থেকে সমর্থন দেবে, তবে সরাসরি সরকারে অংশ নেবে না।

ভিসিকে এখনো আনুষ্ঠানিক অবস্থান না জানালেও দলটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভান্নি আরাসু সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, তাদের পক্ষ থেকে উপ-মুখ্যমন্ত্রী পদ ও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দাবি করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচ দশকের দ্রাবিড় রাজনীতির প্রভাব ভেঙে বিজয়ের দল একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও জোট রাজনীতির বাস্তবতা এখন তার সবচেয়ে বড় বাধা। জনসমর্থন থাকলেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হলে সরকার গঠন অনিশ্চিতই থেকে যাবে।

এখন তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন—ভিসিকে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় এবং রাজ্যপাল কবে নতুন করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন।