নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীস্থ জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।
এদিকে প্রবাসে অবস্থানরত অভিনেতা জায়েদ খানও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের কথা উল্লেখ করে জায়েদ খান বলেন, “জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।
আরও পড়ুন: তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন অ্যান হ্যাথাওয়ে
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন জাকির হোসেন। চলতি বছরের মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
তার উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তাও চেয়েছিল পরিবার। তবে শেষ পর্যন্ত মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে পারেননি এই নৃত্য পরিচালক।
আরও পড়ুন: সামান্থা রুথ প্রভু কি মা হতে চলেছেন?
জাকির হোসেন ঢাকাই চলচ্চিত্রের একজন পরিচিত ও জনপ্রিয় নৃত্য পরিচালক ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য চলচ্চিত্রের গানে নৃত্য পরিচালনা করেছেন। পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন।
তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।





