মা হওয়ার পর প্রথমবার ক্যামেরায় ফিরছেন বুবলী
মা হওয়ার খবর প্রকাশের পর দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও এবার নতুন সিনেমার মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন তিনি।
নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী। শারীরিক সুস্থতা ও প্রস্তুতির ওপর নির্ভর করে আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: নতুন জীবনের শুরু আমির খানের!
সম্প্রতি বুবলী জানান, তিনি দুই কন্যাসন্তানের জননী হয়েছেন। তিনি আরও জানান, শিশুদের বাবা চিত্রনায়ক শাকিব খান। এই ঘোষণার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তার পরবর্তী কাজ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বুবলীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সন্তান ও নিজের পরিচর্যার জন্য তিনি কিছুটা সময় নিচ্ছেন। তাই আপাতত সিনেমার অন্যান্য অংশের শুটিং শুরু করা হবে। পরে বুবলীর শারীরিক অবস্থা অনুকূলে থাকলে তিনি সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন।
আরও পড়ুন: নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘পিনিক’ সিনেমায়ও এই জুটিকে দেখা গেছে। যদিও ছবিটি প্রত্যাশিত দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন সিনেমাটিতে পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা বিশেষভাবে তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর সম্পর্ক। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে সিনেমাটিতে বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষার সংলাপও থাকবে।
জাহিদ হোসেন বলেন, “বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুদিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।”
তবে নতুন সিনেমা কিংবা অভিনয়ে ফেরা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি শবনম বুবলী। মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই তিনি গণমাধ্যমের সামনে খুব একটা আসেননি।
উল্লেখ্য, চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন বুবলী। এবার ‘ঢাকাইয়া দেবদাস’-এর মাধ্যমে তার প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।





