সালমান শাহকে হারানোর তিন দশক
সালমান শাহ স্মরণে শাবনূরের আবেগঘন স্ট্যাটাস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন তার প্রিয় সহশিল্পী ও চিত্রনায়িকা শাবনূর। প্রয়াত এই নায়কের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই।’ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয় সহশিল্পীর স্মৃতি তার হৃদয়ে এখনো অমলিন হয়ে আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সালমান শাহকে স্মরণে মৌসুমী
শাবনূরের ভাষায়, পর্দার সেই প্রিয় রাজপুত্র ও দর্শকের স্বপ্নের নায়ক সালমান শাহ আজও মানুষের ভালোবাসা ও স্মৃতিতে জীবন্ত। সময়ের পরিবর্তনের সঙ্গে প্রজন্ম বদলালেও তার জনপ্রিয়তা এবং অভিনয়ের আবেদন এতটুকুও কমেনি।
সালমান শাহর অকালমৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা তৈরি করেছিল, সেটিও স্মরণ করেছেন শাবনূর। তিনি বলেন, তার চলে যাওয়ার পর চলচ্চিত্রে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তিন দশক পেরিয়েও তা পূরণ হয়নি।
আরও পড়ুন: সালমান শাহকে হারানোর ৩০ বছর, এখনো দর্শকের হৃদয়ে অমর নায়ক
প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবনূর আরও লেখেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার আকস্মিক প্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের নিজস্বতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়ক তিন দশক পরও সমানভাবে জনপ্রিয়।
নতুন প্রজন্মের কাছেও সালমান শাহ এখনো এক স্বপ্নের নায়ক। তার অভিনীত সিনেমা, স্টাইল ও স্মৃতি নিয়ে আজও দর্শক-ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। আর প্রতি প্রয়াণ দিবসে সহকর্মী ও ভক্তদের স্মৃতিচারণে নতুন করে উঠে আসে বাংলা চলচ্চিত্রের এই অকালপ্রয়াত নক্ষত্রের কথা।





