সালমান শাহ'র স্মরণে জন্য শাকিব খানের প্রার্থনা
ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহ এমন এক নাম, যাকে ঘিরে তিন দশক পরও দর্শকের আবেগে এতটুকু ভাটা পড়েনি। সময় পেরিয়েছে, বদলেছে চলচ্চিত্রের ভাষা ও প্রজন্ম; কিন্তু অমর এই নায়কের জনপ্রিয়তা এখনো অটুট। আজ তার ৩০তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান।
সালমান শাহর স্মরণে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রকাশ করেছেন শাকিব খান। সেখানে অমর এই নায়কের জন্য প্রার্থনা করে লেখা হয়েছে, ‘শান্তিতে থাকুন অমর নায়ক সালমান শাহ।’
আরও পড়ুন: সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলোর যেভাবে সমাপ্তি ঘটেছিল
ফটোকার্ড প্রকাশের মধ্য দিয়ে নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন শাকিব খান। একই সঙ্গে আরও একবার সামনে এসেছে বাংলা চলচ্চিত্রে সালমান শাহর দীর্ঘস্থায়ী প্রভাবের বিষয়টি।

আরও পড়ুন: বাংলা চলচ্চিত্রের ‘অমর নায়ক’ সালমান শাহ-কে নিয়ে যত আয়োজন
খুব অল্প সময়ের ক্যারিয়ার হলেও সালমান শাহ নিজের জন্য তৈরি করে নিয়েছিলেন আলাদা এক অবস্থান। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় তার আবির্ভাব বদলে দিয়েছিল প্রচলিত নায়ক-ভাবনা। অভিনয়ের পাশাপাশি পোশাক, চুলের কাট ও ফ্যাশনেও তিনি হয়ে উঠেছিলেন তরুণদের অনুকরণের প্রতীক। পর্দায় তার অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতি দর্শকের মধ্যে তৈরি করেছিল আলাদা উন্মাদনা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছিল পুরো চলচ্চিত্র অঙ্গনে। এত বছর পরও তার মৃত্যু, ক্যারিয়ার ও অভিনীত সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ কমেনি।
বরং সময়ের সঙ্গে নতুন প্রজন্মের কাছেও সালমান শাহ যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তার সিনেমা, অভিনয়ের ধরন, পোশাক ও ফ্যাশন এখনো দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে নতুন প্রজন্মের অনেকেই তার পুরোনো সিনেমা ও বিভিন্ন মুহূর্ত নতুন করে আবিষ্কার করছেন।
প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের সহশিল্পী, নির্মাতা ও তারকারাও নানা আয়োজনে স্মরণ করেন সালমান শাহকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার পুরোনো ছবি, সিনেমার দৃশ্য এবং স্মৃতিচারণ। এভাবেই প্রজন্মের পর প্রজন্মে বেঁচে আছেন বাংলা চলচ্চিত্রের এই অমর নায়ক।





