মা হলেন সোহিনী সরকার
অভিনয়জগতে এবার নতুন পরিচয় যুক্ত হলো সোহিনী সরকারের। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। সোহিনী ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সংসারে এটাই প্রথম সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
পোস্টে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে তারা লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’
আরও পড়ুন: ‘ভয়েস অব বাংলাদেশ’ হওয়ার দৌড়ে সেরা ১০ জন
সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।
এর আগে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর বিশেষ দিনে মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন সোহিনী। সে সময় একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘তিন বছরের পথচলায় আমরা দুই থেকে তিনের পথে।’
আরও পড়ুন: বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম আর নেই
তবে সুখবরটি প্রকাশ্যে আনার আগে বেশ কিছুদিন বিষয়টি ব্যক্তিগত রেখেছিলেন সোহিনী ও শোভন। এমনকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রায় তিন মাস পর্যন্ত দুই পরিবারের সদস্যদের কাছেও গোপন ছিল বলে জানা যায়।
উল্লেখ্য যে,দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই পারিবারিক আয়োজনে শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। এবার তাদের সেই সংসারে এলো নতুন সদস্য।





