নগ্নতা ও আপত্তিকর প্রস্তাবে চটলেন রাধিকা আপ্তে

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৬ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা আর অপ্রয়োজনীয়ভাবে শরীর প্রদর্শনে বাধ্য করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে—এমন অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের শুরুর দিকের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করে এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রাধিকা জানান, ক্যারিয়ারের প্রথম দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তাকে নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছিল। তাদের ধারণা ছিল, যেকোনো ধরনের ঘনিষ্ঠ বা খোলামেলা দৃশ্যে অভিনয় করতে তিনি সহজেই রাজি হবেন। এমনকি চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার প্রস্তাব পেয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবেই নিজের আপত্তির কথা জানাতে হয়েছে।

আরও পড়ুন: মেকানিক্স এর সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

অভিনেত্রীর ভাষ্য, শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় অনাবৃত দৃশ্যে অভিনয়ের পরই অনেকে ধরে নিয়েছিলেন, তিনি এ ধরনের দৃশ্যে আর কোনো আপত্তি করবেন না। তবে বাস্তবে প্রতিটি কাজের ক্ষেত্রেই নিজের সীমারেখা সম্পর্কে তিনি পরিষ্কার ছিলেন এবং অপ্রয়োজনীয় দৃশ্যে অভিনয় করতে রাজি হননি।

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি ছিল একটি অ্যাকশন দৃশ্যের শুটিংকে ঘিরে। রাধিকা জানান, ওই দৃশ্যে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন করতে বলা হয়েছিল। তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানালে নির্মাতাদের পক্ষ থেকে আরও আপত্তিকর একটি প্রস্তাব দেওয়া হয়—শার্টের পরিবর্তে শুধু ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি ধারণ করার।

আরও পড়ুন: দর্শকের আবেগ ছুঁয়েছে ‘আপন পর’

এমন প্রস্তাবে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান অভিনেত্রী। তার মতে, অভিনয়ের প্রয়োজনে সাহসী কোনো দৃশ্যে অংশ নেওয়া এক বিষয়, আর অপ্রয়োজনীয়ভাবে নগ্নতা বা শরীর প্রদর্শনকে দৃশ্যের অংশ বানানো সম্পূর্ণ ভিন্ন বিষয়।

কাজের ক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে বরাবরই স্পষ্টভাষী রাধিকা আপ্তে। তার সাম্প্রতিক বক্তব্যের মধ্য দিয়ে ফের সামনে এসেছে চলচ্চিত্রে প্রয়োজনীয় দৃশ্যায়ন এবং অযথা শরীর প্রদর্শনের মধ্যে থাকা পার্থক্যের বিষয়টি।