মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা চলাচল
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনে কাপড় পড়ে যাওয়ায় প্রায় ৪০ মিনিট মতিঝিল থেকে উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এ সময় উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে মেট্রোরেল চলাচলে এ বিঘ্ন ঘটে।
আরও পড়ুন: পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের ওপর কাপড় পড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার কারণে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। একই সময়ে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
নজরুল ইসলাম বলেন, লাইন থেকে কাপড়টি সরিয়ে নেওয়ার পর মেট্রোরেলের লাইনের যান্ত্রিক বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে উভয় রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
এ ঘটনায় প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যাত্রীদের নিয়মিত যাতায়াত পুনরায় শুরু হয়।





