২৮ বছর পর নতুন রূপে
আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
নব্বইয়ের দশকের বাংলা সিনেমার দর্শকদের মনে জায়গা করে নেওয়া ‘হঠাৎ বৃষ্টি’ এবার ফিরছে নতুন গল্পের আবহ ও নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সেই জনপ্রিয় সিনেমার ২৮ বছর পর নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। পুরোনো আবেগ ও গল্পের মূল কাঠামো ধরে রেখে সমকালীন সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয় দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। নতুন দুই মুখের রসায়ন সে সময় সিনেমাটিকে আলাদা পরিচিতি দেয়। দীর্ঘ সময় পর সেই স্মৃতিকে নতুনভাবে পর্দায় তুলে ধরতে ‘আবার হঠাৎ বৃষ্টি’তেও প্রধান দুই চরিত্রে রাখা হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে।
আরও পড়ুন: অভিনেত্রীকে দেখতে ভক্তদের ঢল, ভিড়ের চাপে ভাঙল গাড়ির কাচ
নতুন সিনেমায় ফেরদৌস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। অন্যদিকে প্রিয়াঙ্কা ত্রিবেদীর ভূমিকায় দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে তাদের সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছিল সিনেমাটির গান। নচিকেতা চক্রবর্তীর সুরে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত। পুরোনো সেই সংগীতের আবহ ধরে রাখতে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে মূল সিনেমার ছয়টি গানের মধ্য থেকে তিনটি গান নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে যুক্ত হয়েছে আরও দুটি নতুন গান।
আরও পড়ুন: ‘ভয়েস অব বাংলাদেশ’ হওয়ার দৌড়ে সেরা ১০ জন
নির্মাতা কামরুজ্জামান নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী। পুরোনো সিনেমার স্মৃতি আর নতুন সময়ের নির্মাণশৈলীর সমন্বয়ে তৈরি ‘আবার হঠাৎ বৃষ্টি’ আগামী ২ অক্টোবর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।





