এমপি নজরুলেকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে শেরেবাংলানগর থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এমপি নজরুলের রিমান্ডের আবেদন করা হবে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হলে বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার নিয়ম রয়েছে। এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন উপকমিশনার।

আরও পড়ুন: হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলানগর থানায় মামলা করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে তার মেয়েকে এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

আরও পড়ুন: সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে এমপি নজরুলের রিমান্ড চাওয়া হবে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।