আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলার লোকগানের শিকড়, বিরহের আবেগ আর ভালোবাসার চিরন্তন গল্প—এই তিনের মেলবন্ধনে আবারও নতুন এক গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ সিজনের চতুর্থ গান ‘মুল্লুক’-এর পর এবার প্রকাশ পাচ্ছে পঞ্চম গান ‘মথুরা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন কুমার রায়।

কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে ‘মথুরা’। গানটি একই সঙ্গে কোক স্টুডিও বাংলার বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে শোনা যাবে। ‘মথুরা’ গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায় নিজেই। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সৃষ্টির অন্যান্য ক্ষেত্রেও যুক্ত রয়েছেন তিনি। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

আরও পড়ুন: ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর

অঙ্কন ও সানজিদার কণ্ঠে ‘মথুরা’য় উঠে এসেছে বিরহের ব্যাকুলতা, মনের গভীরে জমে থাকা না-বলা কথার আবেগ এবং সময় পেরিয়েও টিকে থাকা ভালোবাসার গল্প। দুই শিল্পীর সম্মিলিত পরিবেশনা গানটিকে দিয়েছে আবেগঘন এক আবহ।

এর আগে গত ২০ আগস্ট প্রকাশ পেয়েছিল কোক স্টুডিও বাংলার চতুর্থ গান ‘মুল্লুক’। শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছিলেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। শতবর্ষী চা-শ্রমিকদের লোকগানের আবহকে নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরে গানটি।

আরও পড়ুন: এখন নাম ধরে নয়, ‘ফুফু’ বলে ডাকেন দর্শক

‘মুল্লুক’-এর আগে প্রকাশিত হয়েছিল ‘পাতার বাঁশরি’। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ঈশান মজুমদার ও সুনিধি নায়েক। গানটির কথা ও সুরও করেছিলেন ঈশান মজুমদার। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন আদিত রহমান।

এবার ‘মথুরা’র মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে যুক্ত হচ্ছে আরও একটি নতুন সংগীতের গল্প। শ্রোতারা আজ সন্ধ্যা ৭টা থেকে গানটি শুনতে পারবেন কোক স্টুডিও বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে।