বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না :তানজিন তিশা
নিজের পরিচিতি, জনপ্রিয়তা কিংবা তারকাখ্যাতি—কোনোটিই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না বলে মনে করেন অভিনেত্রী তানজিন তিশা। প্রকাশ্যে নিজের এমন উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এমনকি নিজ দেশে সোনার গহনা পরে স্বাভাবিকভাবে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও ভাবনার কথা জানান তানজিন তিশা। এ সময় দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, দেশের বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি রয়েছে, যেখানে সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
আরও পড়ুন: নতুন পেশায় যুক্ত হলেন হাসান মাসুদ
তিশা বলেন, বাংলাদেশে অনেক সময় নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। বিভিন্ন পরিস্থিতিতে মানুষ এমন সমস্যায় পড়েন, যেগুলোর জন্য তারা দায়ী নন বা যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব ঘটনাকে অন্যায় মনে হলেও কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তানজিন তিশা। তার মতে, যেকোনো পরিস্থিতিতে নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন: প্রযোজক সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
নারীদের চলাফেরা ও ব্যক্তিগত নিরাপত্তার প্রসঙ্গেই সোনার গহনা ব্যবহারের বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী। তার প্রশ্ন, গহনা সঙ্গে নিয়ে বের হলে সেটি ব্যাগে লুকিয়ে রাখার প্রয়োজন কেন হবে? নিজের পছন্দের গহনা পরে যেন একজন নারী স্বাভাবিকভাবে বাইরে বের হতে পারেন, এমন পরিবেশ তৈরি হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
তিশার কথায়, নিরাপত্তার অভাবে নিজের পছন্দের পোশাক বা গয়না পরতেও যদি মানুষকে চিন্তা করতে হয়, তাহলে সেটি স্বাভাবিক পরিস্থিতি নয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘সোলজার’। এতে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।





