রেখাকে চুম্বনের পুরোনো বিতর্কে ৫৭ বছর পর মুখ খুললেন বিশ্বজিৎ
পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বলিউডে বিতর্ক নতুন নয়। তবে প্রায় ছয় দশক আগের একটি চুম্বনের দৃশ্য নিয়ে আবারও আলোচনায় এসেছেন অভিনেতা বিশ্বজিৎ ও রেখা। ১৯৬৯ সালে ‘দো শিকারি’ ছবির শুটিংয়ে রেখাকে তাঁর সম্মতি ছাড়া চুম্বন করার অভিযোগ উঠেছিল বিশ্বজিতের বিরুদ্ধে। দীর্ঘদিন পর সেই পুরোনো ঘটনা নিয়ে কথা বলেছেন অভিনেতা। যদিও সেদিনের ঘটনায় রেখার সম্মতি ছিল কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বজিতের কাছে রেখার সঙ্গে সেই চুম্বনের দৃশ্য নিয়ে জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, বর্তমান সময়ে পর্দায় চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যকে আর আগের মতো বড় বিষয় হিসেবে দেখা হয় না। তাঁর ভাষায়, ‘আজকের সময়ে পর্দায় চুম্বন কিছুই না।’
আরও পড়ুন: তারকাদের নিয়ে আসছে নাবিলার ‘লং ড্রাইভ’
বর্তমান সময়ের সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপনা নিয়েও কথা বলেন বিশ্বজিৎ। তিনি জানান, এখনকার চলচ্চিত্রে যেভাবে এসব দৃশ্য দেখানো হয়, তা দেখে তিনি নিজেও বিস্মিত হন। এ প্রসঙ্গে তিনি ‘অ্যানিম্যাল’ সিনেমার উদাহরণও টানেন।
১৯৬৯ সালে ‘দো শিকারি’ ছবিতে বিশ্বজিতের বিপরীতে অভিনয় করেছিলেন তরুণী রেখা। ছবিটির শুটিংয়ের সময় একটি চুম্বনের দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়। লেখক ইয়াসার উসমানের লেখা রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে দাবি করা হয়েছে, দৃশ্যটি সম্পর্কে রেখাকে আগে থেকে জানানো হয়নি। ক্যামেরা চালু হওয়ার পর বিশ্বজিৎ তাঁকে চুম্বন করেন এবং এতে অভিনেত্রী ক্ষুব্ধ হয়েছিলেন।
আরও পড়ুন: বলিউড অভিনেতা মুশতাক আর নেই
তবে ওই ঘটনার বিষয়ে রেখা নিজে প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য দেননি। ফলে ঘটনাটি নিয়ে প্রচলিত বর্ণনার প্রধান সূত্র হয়ে রয়েছে তাঁর জীবনী এবং পরবর্তী সময়ের বিভিন্ন প্রতিবেদন।
এদিকে, সেই ঘটনার কয়েক বছর পর আবারও একই পর্দায় দেখা যায় বিশ্বজিৎ ও রেখাকে। ১৯৭৬ সালের ‘কহতে হ্যায় মুঝকো রাজা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।





