চাকরি থেকে পলায়নে ঢাকার সাবেক এসপিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

আরও পড়ুন: লালবাগ ও মিরপুর বিভাগে নতুন ডিসি নিয়োগ

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইফোন ছিনিয়ে নিতে নির্জন জঙ্গলে অপ্রতিম, পুলিশের দাবি

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের মতো অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এসব কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।