‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে শুভ-পায়েলের সেই রহস্যের অবসান ৮ অক্টোবর
আরিফিন শুভ ও কেয়া পায়েলকে ঘিরে ‘হ্যাপিলি ম্যারিড’ শব্দ দুটি নিয়ে কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছিল বেশ কৌতূহল। জুলাইয়ের মাঝামাঝি সময়ে দুজনের এমন পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো বাস্তব জীবনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। তবে এবার জানা গেল, বিষয়টি আসলে তাঁদের নতুন একটি ওয়েব ফিল্মকে ঘিরে।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় নির্মিত ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাচ্ছে আগামী ৮ অক্টোবর। ৭ অক্টোবর রাত ১২টার পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে ছবিটি। জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে চরকি, সহ-প্রযোজনায় রয়েছে ছবিয়াল।
আরও পড়ুন: ৪৪তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
ছবিটির মুক্তির তারিখ প্রকাশের পর ফের আলোচনায় এসেছে শুভ ও পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ প্রসঙ্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানতে চাইছেন, পর্দার এই ‘হ্যাপিলি ম্যারিড’ কি কখনো বাস্তব জীবনের গল্পে পরিণত হবে?
এ বিষয়ে কেয়া পায়েলের উত্তর অবশ্য বেশ সরল। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিয়ের বিষয়টি ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন। তাঁর ভাষায়, যখন সময় আসবে, তখনই বিয়ে হবে এবং সেটি সবাই জানতে পারবেন। বরং নিজের বিয়েটা হঠাৎ করেই হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: সব মজা শুধু ছেলেরাই নেবে কেন: শোভিতা ধুলিপালা
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার বাইরে আপাতত কাজেই মনোযোগ দিতে চান কেয়া পায়েল। নাটক, বিজ্ঞাপনের কাজ ও ফ্যাশন রানওয়ে নিয়ে ব্যস্ততার পাশাপাশি অক্টোবরের শুরুতে দেশের বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
‘হ্যাপিলি ম্যারিড’ কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম। নতুন মাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী জানান, পুরো প্রক্রিয়াটি তাঁর কাছে বেশ উপভোগ্য ছিল। পরিচালক জাহিদ প্রীতম ও পুরো টিমের সহযোগিতায় কাজটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন তিনি।
সহশিল্পী আরিফিন শুভ সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেছেন পায়েল। তাঁর মতে, একজন নায়কের মধ্যে যে ধরনের ব্যক্তিত্ব ও পেশাদারত্ব থাকা প্রয়োজন, শুভর মধ্যে সেগুলোর সমন্বয় রয়েছে। শুটিং সেটে তাঁর আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন অভিনেত্রী।
এদিকে সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন কেয়া পায়েল। তাঁর মতে, প্রথম ওয়েব ফিল্ম হিসেবে ‘হ্যাপিলি ম্যারিড’ তাঁর ক্যারিয়ারে আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে। পাশাপাশি দর্শক এখানে তাঁকে আগের কাজগুলোর তুলনায় ভিন্নভাবে দেখতে পাবেন।
তাই ৮ অক্টোবর ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তির পরই পরিষ্কার হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ-পায়েলের সেই আলোচিত ‘হ্যাপিলি ম্যারিড’ আসলে কতটা বাস্তব আর কতটা শুধুই পর্দার গল্প।





